ঢামেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার
ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটের পেছনে চিকিৎসকদের কোয়ার্টারে তানজিলা আক্তার মিথিলা (২৭) নামের এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে এক আনসার সদস্য ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ডা. মিথিলার লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন।
জানা গেছে, ডা. মিথিলা সম্প্রতি ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল থেকে ইন্টার্নি সম্পন্ন করেছেন। তার স্বামী ঢামেকের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মিজানুর রহমান। ডা. মিথিলার গ্রামের বাড়ি নোয়াখালীতে। তবে তার বাবা ফিরোজ আহমেদ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ রোডে থাকেন। ডা. মিথিলার মামা খন্দকার আমিনুল হক জানান, গত মে মাসে মিথিলা-মিজানুরের বিয়ে হয়। দুদিন আগে সে তার মাকে নিয়ে ঢাকায় আসে।


