দক্ষিণ আফ্রিকার সামনে ৪৮১ রানের টার্গেট
টেস্টে জোড়া সেঞ্চুরি করা ভারতের ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হলেন আজিঙ্কা রাহানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলেন ১২৭ রান। আর দ্বিতীয় ইনিংসে ১০০ রানে অপরাজিত থাকলেন। তার সেঞ্চুরির পরই ৫ উইকেটে ২৬৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। দিল্লি টেস্ট জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ৪৮১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান তুলে চা বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের সকালের সেশনে ১৯.১ ওভারে ৭৭ রান তোলে ভারত। ওভার প্রতি চারের একটু বেশি রান করেছে। লাঞ্চে আধ ঘণ্টা আগে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি। কোহলি এদিন সিরিজে প্রথম সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। কিন্তু আগের দিনের সংগ্রহের সাথে আর মাত্র ৫ রান যোগ করতে পেরেছেন। ৮৮ রান করে কাইল অ্যাবটের বলে এলবিডাব্লুর শিকার হয়েছেন ভারত অধিনায়ক। রাহানের সাথে পঞ্চম উইকেটে তার ১৫৪ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বেশি ভূগিয়েছে।
এরপর ষষ্ঠ উইকেটে রাহানে ও ঋদ্ধিমান সাহা করেছেন ৫৬ রানের জুটি। সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়ার পথে ইমরান তাহির ও ডিন এলগারের পর পর দুই ওভারে দুটি ছক্কা মারেন রাহানে। দুই ওভারে তিনটি বাউন্ডারি মারেন সাহা। এরপর তাহিরের বলকে লেগ সাইডে ঠেলে দিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন রাহানে। তবে সামান্যই আনন্দ করেছেন রাহানে। সেঞ্চুরি করেই ড্রেসিং রুমের পথ ধরেছেন। এর আগে বিজয় হাজারে, সুনীল গাভাস্কার (তিনবার), রাহুল দ্রাবিড় (দুবার) ও কোহলি ভারতের হয়ে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।


