দক্ষিন শার্শার গুরুত্বপূর্ণ রাস্তটির বেহাল অবস্থা
মিলন কবির যশোর থেকে : শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর-নাভারন হাসপাতাল মোড় নামক রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে বেহাল অবস্থা বিরাজ করছে। রাস্তাটিতে খানাখন্দের ফলে গ্রামের স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ দক্ষিণ শার্শার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই রাস্তাটি দিয়ে পায়ে হেটে অথবা ভ্যান রিক্সাও চলাচল করা যাচ্ছেনা বলে ভুক্তভোগিদের অভিযোগ।
জানা যায়, রামপুর থেকে যশোর -বেনাপোল মহাসড়কের নাভারন হাসপাতাল মোড় নামক তিন রাস্তা পর্যন্ত অনেক দিন যাবত রাস্তাটির বেহাল অবস্থা কারোর চোখে পড়ছে না বলে এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করেছে।
দীর্ঘ দিন ধরে যানবাহন চলাচল ও বৃষ্টিপাতের কারণে রাস্তার বিটুমিন নষ্ট হয়ে পাথর এবং ইটের খোয়া উঠে গিয়ে সমস্ত রাস্তা জুড়েই খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্কুল, মাদ্রাসা গামী ছাত্রছাত্রী বহনকারী গাড়ী, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আসা যাওয়ার লোকজনসহ দক্ষিণ শার্শার হাজার হাজার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। বেহালদশার রাস্তাটিতে প্রখর রোদে রাস্তার খোয়ার ধুলা রাস্তার পাসে চাষযোগ্য ফসলের উপর পড়ে ফসলি আবাদ নষ্ট হচ্ছে। এতে করে ঐ এলাকার কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে। রাত-দিন চলাচল করতে গিয়ে পথচারিরা হোচট খেয়ে গুরুতর ভাবে আহত ও পঙ্গু হচ্ছে, রাস্তার, খোয়া,ইট গুলো উঠে এত খানাখোন্দল সৃষ্টি হয়েছে যে রাস্তা দিয়ে কোনো রোগী নিয়ে গেলে ঝাকুনির জন্য প্রান হারাবে বলে এলাকাবাসির অভিযোগ। উপজেলার উলাশী ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান আলহাজ আয়নাল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন রামপুর হইতে নাভারন হসপিটাল মোড় পর্যন্ত দীর্ঘ এই রাস্তাটি অবস্থা খুবই খারাপ। এ রাস্তা দিয়ে দক্ষিণ শার্শার হাজার হাজার মানুষের যাতায়াতের একটি মাধ্যম। কারণ দক্ষিণ শার্শার সাধারন মানুষ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের যাওয়ার এই একটি মাত্রই সহজ পথ। রাস্তাটি সংস্কারের অভাবে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া এই এলাকার অনেক স্কুল,মাদ্রাসা কলেজগামী ছাত্রছাত্রীরা খুব ভোগান্তিতে পড়ছে। এই রাস্তাটি অতি তাড়াতাড়ি সংস্কার করা খুবই জরুরী। তাই আমি এ রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।



