দিনাজপুরে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর লাশ হস্তান্তর শুক্রবার
রুবেল হোসেন, দিনাজপুর: দিনাজপুর জেলার বিরল-ফুলবাড়ী ও বিএসএফ’র গুলিতে দিনাজপুরে বুধবার দিবাগত রাতে ১ বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার যে কোন সময় বিজিবি’র কাছে লাশ হস্তান্তর করা হবে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে ভারতীয় বালুরঘাট ২৮ বিএসএফ’র কুমারগঞ্জ থানার রসুলপুর বিওপি থেকে ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদর উপজেলার মোহনপুর বিওপিকে ১ জন বাংলাদেশী নাগরিকের লাশ উদ্ধারের খবর জানানো হয়। গত বুধবার দিবাগত রাতে গরু ব্যবসায়ী সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের বনতারা গ্রামের মোকসেদুল ইসলামের পুত্র সাদেকুল ইসলাম (২২)কে বিএসএফ ভারতীয় এলাকায় গুলি করে হত্যা করে।
বাংলাদেশী নিহতের ঘটনায় বিএসএফ’র প্রস্তাবে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের বনতারা নামকস্থানের নোম্যান্সল্যান্ডে বিএসএফ-বিজিবি’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার যে কোন সময় সাদেকুলের লাশ বিএসএফ বিজিবি’র কাছে হস্তান্তর করবে। বৈঠকে ভারতের রসুলপুর ক্যাম্পের কমান্ডার দেবেন চন্দ্র রায় বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয়েছে বলে স্বীকার করেন এবং বলেন, লাশ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের বরাত দিয়ে বিজিবি জানায়, নিহত সাদেকুল গরু আনার জন্য ১৫ ডিসেম্বর বিকেলে ভারতে গিয়েছিলেন।



