নতুন পে-স্কেলের গেজেট রাতেই প্রকাশ : অর্থমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেলের গেজেট সম্পন্ন হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘কিছুক্ষণের মধ্যেই আজ মঙ্গলবার রাতেই তা অর্থমন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।’ মঙ্গলবার সন্ধ্যায় অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিজয় দিবসের বিশেষ উপহার হবে এই বেতন স্কেলের প্রজ্ঞাপন।’
গত মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী বলেছিলেন, ‘নতুন পে-স্কেল কার্যকরের আদেশ আগামী এক সপ্তাহের মধ্যেই জারি হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘নতুন পে-স্কেল কার্যকরের আদেশ আইন মন্ত্রণালয়ে অপেক্ষমাণ রয়েছে। আজকালের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আসবে। এর পরেই আদেশ জারি হবে।’
তিনি বলেন, ‘এবারেই শেষ পে-স্কেল। পরবর্তীতে নতুন করে কোনো পে-স্কেল গঠন করা হবে না। আর তা বাড়ানোও হবে না।’
তিনি বলেন, বেতন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো পরবর্তী ৫ বছর পর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাড়ার একটি নির্দেশনা থাকবে। এ ছাড়া দুই দফায় বাড়া বেতন কাঠামোর বাকি অংশ আগামী জুলাইয়ে কার্যকর হবে বলেও জানান তিনি।



