নাইজারে ইসলামপন্থী জঙ্গিদের পৃথক হামলায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: নাইজারে ইসলামপন্থী জঙ্গিদের দুটি পৃথক হামলায় বৃহস্পতিবার তিন পুলিশ ও এক সৈন্য নিহত হয়েছে। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশটিতে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের মাত্র কয়েক দিন আগে এই ঘটনাটি ঘটল। স্বারাষ্ট্রমন্ত্রী হাসিমি মাসাউদু বলেন, আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) এর সঙ্গে এই বন্দুকধারীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুরকিনা ফাসু সীমান্তের কাছে দোলবেলের একটি বাজারে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, ‘হামলাকারীদের প্রতিহত করা হয়েছে। আমরা এখন হামলাকারীদের খোঁজে ওই এলাকায় তল্লাশী চালাচ্ছি। এই ঘটনায় কতজন হামলাকারী হতাহত হয়েছে আমরা তা জানতে পারিনি। তারা তাদের সঙ্গীদের মৃতদেহ ও আহতদের সঙ্গে করে নিয়ে গেছে।’ মন্ত্রী বলেন, নাইজেরিয়া সীমান্তের কাছে ৪ আত্মঘাতী হামলাকারী সৈন্যদের একটি গাড়িবহরে হামলা চালায়। এই ঘটনায় স্থানীয় সামরিক কমান্ডার নিহত ও অপর দুই সৈন্য আহত হয়েছে। পঞ্চম আত্মঘাতী বোমা হামলাকারীকে তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো থেকে নিবৃত করা হয়। সে একজন তরুণী। মাসাউদু বলেন, বোকোহারাম জঙ্গিরা এই হামলার জন্য দায়ী। এই ঘটনার কোন বেসামরিক লোক হতাহত হয়নি। এএফপি।



