নিজামীর যুক্তিতর্ক উপস্থাপন ফের বুধবার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল বুধবারও তা চলবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী এস এম শাজাহান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবারও নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত ২৫ নভেম্বর আদালত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর- এই তিন দিন নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ঠিক করেন। রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে ৭ ডিসেম্বর। আসামিপক্ষ এর উত্তর দেবে ৮ ডিসেম্বর।



