পঞ্চগড় আটোয়ারীতে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ
আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড় জেলায় আটোয়ারী উপজেলার হাট-বাজারগুলোতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সেই সাথে গত সপ্তাহ থেকে ক্রমাগত বারতি বাজারও বেশ কমেছে। পাশা-পাশি নতুন পেঁয়াজের বাজার ভালো হওয়ায় কৃষকরাও বেশ খুশি।
জানা গেছে, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নের পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০ হেক্টর জমিতে। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হেক্টর বেশি জমিতে। ইতোমধ্যে উঁচু জমিতে আগাম রোপন করা পেঁয়াজ উপজেলার হাট-বাজারে উঠতে শুরু করায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। গত সপ্তাহে প্রতি মন পেঁয়াজ ১,৩০০-১,৫০০ শত টাকা বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৯০০-১,০০০ টাকা। এতে ক্রেতা সাধারণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। তবে বর্তমান বাজারেও কৃষকেরা বেশ খুশিই।
উপজেলার বলরামপুর ইউনিয়নের পেঁয়াজ চাষি আকবর হোসেন জানান, ২৫ শতক জমিতে পেঁয়াজ চাষ করতে খরচ হয় ৫-৬ হাজার টাকা। আর প্রতি ২৫ শতক জমিতে উৎপাদন হয় ২০-২৫ মন। তবে বর্তমান বাজারমূল্যে ২৫ শতক জমিতে উৎপাদিত পেঁয়াজের মূল্য ২০,০০০-২৫,০০০/- টাকা। যা উৎপাদন খরচের চেয়ে ১৫-২০ হাজার টাকা বেশি।