পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন
সিমলা চুক্তি অনুযায়ী ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীসহ সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবি জানিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটি। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটি সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। এমনকি পাকিস্তান তাদের যুদ্ধাপরাধীদের বিচার না করলে এদের বিচারে সরকারকে আন্তার্জাতিক আদালতে যাওয়ারও দাবি জানায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটি।সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক নৌ-মন্ত্রী শাজাহান খান বলেন, আগামী ২৬ মার্চ ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর প্রতীকী বিচারের আয়োজন চলছে। সোহরাওয়ার্দী উদ্যানে জনতার সামনে এ বিচার হবে। তিনি বলেন, ১৯৭১ সালে নরঘাতক ১৯৫ পাকিস্তানি সেনার বিচারের অঙ্গীকার করে দেশটি ফিরিয়ে নেয়। এ বিষয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে জনমত গড়াই কমিটির প্রধান লক্ষ্য।
কমিটির নেতৃবৃন্দ জানান, গণবিচারের আগে আগামী ১৯ থেকে ৩১ ডিসেম্বর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হবে। এরপর ৩ জানুয়ারি বিকেল ৩টায় মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করে বিক্ষোভ মিছিল এবং ৬ জানুয়ারি যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের দাবিতে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।



