প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার নারী শিক্ষা বিস্তারের পদক্ষেপ নেওয়ায় তৃণমুল পর্যায়ে সুফল পেয়েছে
গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী শিক্ষা বিস্তারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় তৃণমুল পর্যায়ে সুফল পেয়েছে। নারী শিক্ষার উন্নয়নে স্নাতক পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাওয়ায় নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির ফলে রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন সেক্টরে নারীরা উলেখযোগ্য অবদান রাখছে। তিনি আজ বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ‘রজত জয়ন্তী উৎসব’ উদ্বোধনকালে এক সমাবেশে এ কথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাকছুদুল হক, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এইচ.এম গোলাম শহীদ রঞ্জু, ভাইস চেয়ারম্যান মহিবুল ইসলাম নয়ন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. সফিউজ্জামান ভুইয়া প্রমুখ। রজত জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয় চত্বরে গুণীজন সম্মাননা প্রদান, স্মরণিকা প্রকাশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। অনুষ্ঠানের শুরুতেই ২৫ কেজি ওজনের একটি কেক কেটে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।



