ফরিদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার কুমারপট্টি গ্রামে শুক্রবার সন্ধায় নাসরিন আক্তার নামে এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের কৃষক মো. লুৎফর শেখের মেয়ে স্কুল ছাত্রী নাসরিনের বিয়ের আয়োজন করা হয় শুক্রবার সন্ধায়। সংবাদটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৌছলে তিনি মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া মৌসুমী খানকে ঘটনা স্থলে পাঠান। তিনি ঘটনা স্থলে গিয়ে এ বাল্য বিবাহ বন্ধ করে দেন। বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পাওয়া নাসরিন আক্তার স্থানীয় নারানদিয়া জয়েনউদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
নাসরিনের বাবা লুৎফর শেখ বলেন, এক বখাটের উত্ত্যক্তের কারণে আমার মেয়ের বিয়ের আয়োজন করেছিলাম। এটা বাল্য বিবাহ মধ্যে পড়ে তা আমি বুঝতে পারিনি। বিষয়টি আমি বুঝার পর আমার মেয়ের বিয়ে বন্ধ করে দিয়েছি।
ঘটনার সত্যতা স্বীকার করে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারানদিয়া জয়েনউদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আজিজুল হক বলেন, নাসরিন এক বখাটে ছেলের উত্ত্যক্তের শিকার হলে তার পরিবারের লোকজন বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন এ বিবাহ বন্ধ করে দেন।
সালথা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া মৌসুমী খান বলেন, বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি এ বিয়ে বন্ধ করে দেই।



