ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণ করার দারুণ উপায়
রকমারি ডেস্ক: খাবারটির নাম হান্টার বিফ কেন। কারণ অতীতে শিকারিরা এভাবেই মাংস সংরক্ষণ করতেন দীর্ঘদিন। অতএব বুঝতেই পারছেন যে কাজটি মোটেও কঠিন কিছু নয়। তবে তৈরি সহজ হলেও হান্টার বিফ খেতে কিন্তু দারুণ মজাদার। হান্টার বিফ দিয়ে তৈরি করা যায় নানান রকমের খাবার, আবার স্লাইস করে তাওয়ায় ভেজে খেতেও দারুণ লাগে। খুব সহজ রেসিপিটি দিয়েছেন আতিয়া আমজাদ।
উপকরণ গরুর মাংস- ১ কেজি সিরকা- ১/৪ কাপ (১ কাপের মধ্যে এক চতুর্থাংশ) লেবুর রস- ১/৪ কাপ (১ কাপের মধ্যে এক চতুর্থাংশ) আখের গুঁড়- ১ টেবিল চামচ ক্যারামেল- ১ টেবিল চামচ সল্টপিটার (সোরা)- ১/৪ চা চামচ লবণ- ১/৩ কাপ বেকিং সোডা- ১/২ চা চামচ
প্রণালি -মাংসের চর্বি ও পর্দা ফেলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন, মাংসে পানি লাগাবেন না। -সিরকা, লেবুর রস, গুঁড় ও ক্যারামেল একসঙ্গে মিশান। সোরা ও লবণ গুঁড়া একসঙ্গে মিশিয়ে অন্য পাত্রে রাখুন। (চিনির সাথে সামান্য পানি মিশিয়ে জ্বাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিন) -মাংসের উপর কিছু সিরকা ও লবণ মেখে একটি এনামেলের গামলায় নিয়ে কাঁটাচামচ দিয়ে কেঁচে নিন। -এভাবে অল্প অল্প মিশানো সিরকা ও লবণ দিয়ে মাংস কেঁচার পর গামলায় পানি উঠবে। এই পানিতে মাংস ডুবিয়ে ঠাণ্ডা জায়গায় ২-৩ দিন খোলা বাতাসে রাখুন। ফ্রিজেও রাখতে পারেন। -মাংস বেশি পানিতে অনেকবার ধুয়ে নিন। ডুবো পানিতে সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হলে প্লেটে খোলা বাতাসে রাখুন। মাংসের পানি শুকালে ঢেকে ফ্রিজে রাখুন। বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে। ফ্রিজে ছাড়াও হান্টার বিফ ৩-৪ দিন বাইরে রাখা যায়। ঠাণ্ডা দেশে আরও বেশি দিন রাখা যায়।
কীভাবে খেতে পারেন? মাংসের টুকরো পাতলা স্লাইস করে পরিবেশন করবেন। হান্টার বিফ দিয়ে চমৎকার স্যান্ডউইচ করা যায়। স্লাইস করে কেটে তাওয়ায় হাল্কা ফ্রাই করে খেতে পারেন। তৈরি করতে পারেন হান্টার বিফ বার্গার। ব্যবহার করতে পারেন সালাদ ও নানান রকম ø্যাক্স তৈরিতে। পুষ্টি গুণ অটুট থাকে হান্টার বিফে, তাই চিন্তার কোন কারণ নেই।



