বরিশালে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেযবুত তওহীদের উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে নানামুখী কর্মসূচি। জনসভা, আলোচনা সভা, সুধী সমাবেশ, পথসভা, জনসচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন ইত্যাদি নানা কর্মসূচির মধ্য দিয়ে গড়ে তোলা হচ্ছে জঙ্গিবাদবিরোধী আদর্শিক প্রতিরোধ। এরই অংশ হিসেবে বরিশাল, ঢাকার আশুলিয়া, গাইবান্ধার সাদুল্যাপুর ও চট্টগ্রামের সীতাকু-সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আমাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুসারে বিস্তারিত সংবাদ।
বরিশাল ব্যুরো:
মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে “ধর্মের অপব্যবহার প্রগতির অন্তরায়” শীর্ষক সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে এ সুধী সমাবেশের আয়োজন করে বরিশাল জেলা হেযবুত তওহীদ।
বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন খান বাদশা, বরিশাল ইসলামীয়া কলেজের অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল ক্যাথলিক চার্চের প্রিষ্ট ইনচার্জ ফাদার মাইকেল মিলন দেউড়ী, বরিশাল খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস (ব্লাস্ট) এর সমন্বয়কারী এ্যাড. খলিলুর রহমান, দৈনিক আমাদের বরিশাল এর প্রকাশক ও সম্পাদক এসএম রফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সহ-সভাপতি এম. আর. প্রিন্স, বরিশাল নাট্যনিকেতনের দপ্তর সম্পাদক নুরুল আমিন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ প্রমুখ।
হেযবুত তওহীদের সদস্য তুহিন মাহমুদ ও অনামিকা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, ‘অতীতে আমাদের ধর্ম-বিশ্বাসকে হাইজ্যাক করে জাতি বিনাশী কর্মকা-ে ব্যবহার করা হয়েছে। কেউ ব্যক্তিস্বার্থ উদ্ধার করেছে, কেউ অপ-রাজনীতি করেছে, কেউ জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী কর্মকা- করে আল্লাহ, রসুলের কাজ বলে চালিয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য একাজগুলো করেছে। এতে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, কলঙ্কিত হয়েছে পবিত্র ইসলাম। ইরাক, সিরিয়া, আফগানিস্তান এই জঙ্গিবাদী ইস্যুকে কেন্দ্র করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জঙ্গিবাদী ইস্যুকে কেন্দ্র করে যদি এমন পরিস্থিতি বাংলাদেশেও সৃষ্টি করা হয় তাহলে আমাদের দেশের পরিস্থিতি কি হবে? এটা যেন কেউ না করতে পারে এজন্য হেযবুত তওহীদ কাজ করে যাচ্ছে।’
সমাবেশে প্রোজেক্টরের মাধ্যমে হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের একটি ভিডিও বক্তব্য প্রদর্শিত হয়।
সমাবেশে বরিশাল জেলার বিভিন্ন মহলের সুধীজনরাও অংশগ্রহণ করেন।



