বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কার সামনে দাঁড়িয়ে আর্সেনাল। ঘরের মাঠে ডায়নামো জাগরেবের বিপক্ষে গানারদের জয়ের বিকল্প নেই। জিতলেই হবে না! ইংলিশ জায়ান্টদের তাকিয়ে থাকতে হবে বায়ার্ন মিউনিখ-অলিম্পিক পাইরেস ম্যাচের দিকে।
বায়ার্নের বিপক্ষে অলিম্পিক পাইরেস হার এড়ালেই এক ম্যাচ বাকি থাকতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে আর্সেনাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচই দিবাগত রাত পৌনে ২টায় শুরু হবে।
গ্রুপ ‘এফ’র পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে মাত্র এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর্সেনাল। সমান পয়েন্টে চারে ডায়নামো। শীর্ষে থাকা বায়ার্নের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অলিম্পিক পাইরেস।এমিরেটস স্টেডিয়ামে নিশ্চিতভাবেই ফেভারিট থাকবে আর্সেনাল। প্রথম লেগের ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো। তাই গানারদের জন্য এটি প্রতিশোধের ম্যাচও বটে!


