বাংলাদেশের বিপক্ষে ফিরবেন মাইকেল ক্লার্ক
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে দারুণ ছন্দ দেখিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। কিন্তু তারপরও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সম্ভবত দর্শক হয়েই থাকবেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেম্যান জানাচ্ছেন, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য আরো সময় দেয়া হবে অসি দলপতিকে। সে কারণে আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে না নেমে ২১ ফেব্র“য়ারি বাংলাদেশ ম্যাচ দিয়েই মহাযজ্ঞে সূচনা হতে পারে ক্লার্কের। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি সেরেছেন সদ্য ইনজুরি থেকে ফেরা ক্লার্ক। যিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলায় ব্যাটিংয়ে নেমে ৬৪ রান করার পর বল নিয়েও হাত ঘুরিয়েছেন। বিষয়টি নিয়ে লেম্যান বলেন, ‘আমরা তার অগ্রগতিতে সন্তুষ্ট’। সংযুক্তি হিসেবে লেম্যান আরো যোগ করেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনড়। হ্যাঁ, তার বল, ব্যাট, ফিল্ডিং-সহ অন্যান্য সবকিছু আমাদের মন ভরিয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশ ম্যাচ দিয়েই সম্ভবত ফিরবে সে।’