বাংলাদেশের সামনে জয়ের হাতছানি:সিরিজ
স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আজ সিরিজের তৃতীয় ওয়ানডে। এ ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। তৃতীয় ম্যাচের আগে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তার কথায় ‘প্রতিটা দিনেই উন্নতি করার সুযোগ থাকে। ঢাকা পর্বটা নতুন করেই শুরু করতে চাই আমরা।’ চট্টগ্রামের দুটি ওয়ানডে জয়ে আত্মতৃপ্তিতে নেই দলের কেউ জানান-নড়াইল এক্সপ্রেস। অনুশীলন শুরুর আগে ম্যাচের লক্ষ্য, কম্বিনেশন ও উন্নতির জায়গা নিয়ে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে।
প্রশ্ন: চট্টগ্রামের দুটি ওয়ানডে খুব ভালোভাবে শেষ করে এসেছেন। কাল (আজ) মিরপুরে তৃতীয় ওয়ানডে। কিভাবে শুরু করতে চান?
মাশরাফি: প্রত্যেকটা ম্যাচই নতুন। নতুন করে শুরু করতে হবে। প্রতিটা ম্যাচেই তো ভালো খেলতে হবে।
প্রশ্ন: আগে ব্যাট পেলে কী ৩০০+ স্কোর সম্ভব কী না?
মাশরাফি: এখানে আসলে ডিওটা (শিশির) দেখতে হবে। চট্টগ্রামের আউটফিল্ডের ঘাস আর এখানকার আউটফিল্ডের ঘাস এক না। চট্টগ্রামে কিন্তু প্রথম ম্যাচ থেকেই ডিও ছিল। তো, প্রবলেম করেছে। এগুলো আসলে চিন্তা করতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে।
প্রশ্ন: ব্যাটিং অর্ডারটা কিভাবে সাজানো হচ্ছে?
মাশরাফি: আগেও বলেছিলাম সাকিব ও মুশফিক ফর্মে আছে তাই ওদের আমরা ম্যাক্সিমাম ওভার খেলাতে চাই। সেদিক থেকে চিন্তা করলে আমাদের ওপেনিং পার্টনারশিপ যদি ভালো হয় তাহলে এমনই থাকতে পারে। সাকিব ইনফর্ম ব্যাটসম্যান। ও ম্যাক্সিমাম ওভার খেললে সেটা আমাদের দলের জন্যই ভালো। মুশফিকের ক্ষেত্রেই তাই। তারপরও সিদ্ধান্তটা জেনে-বুঝে নিতে হবে। যদি ওপেনাররা এমন ইনিংস (দ্বিতীয় ওয়ানডের মতো) খেলতে থাকে তাহলে অবশ্যই সাকিব-মুশফিককে বেশি ওভার খেলার সুযোগ দিতে হবে।
প্রশ্ন: টেস্ট সিরিজ জয়ের পর প্রথম দুটি ওয়ানডেতেও জয়। তো রিলাক্সেশনের কোনো ব্যাপার আসছে কী না?
মাশরাফি: আমি আশা করি এখনো নাই। আর থাকলেও সেটা ভেরি আনপ্রফেশনাল হবে। সিরিজ শুরু হওয়ার অনেকদিন আগেই কিন্তু শিডিউলটা জানা থাকে খেলোয়াড়দের। তো সবাই সবার প্রিপারেশন কিন্তু ওভাবেই নেয়। টেস্টের মাঝখানে ও টেস্টের পরে মোটামুটি একটা গ্যাপ গিয়েছে। তারপরও টায়ার্ডনেস তো আসেই। তো সবাইকে এডজাস্ট করতে হবে। সবমিলে আমার মনে হয় রিলাক্সের জায়গা এখনো নাই। সিরিজ কিন্তু এখনো জেতা হয় নাই। প্রত্যেকটা দিনেই উন্নতির জায়াগা থাকে। এখনো আমরা অনেক জায়গায় ভুল করছি। একেক জায়গায় একদিন ভালো করছি, আরেকদিন করছিনা। দলের দৃঢ়তা বাড়ানোর কিন্তু এটাই সুযোগ। একটা টিম (জিম্বাবুয়ে) প্রেসারে আছে। তো তাদের সাথে খেলে দৃঢ়তা বাড়ানোর এটা ভালো সুযোগ এবং সেটা বাড়ানো খুব গুরুত্বপূনর্ণ।
প্রশ্ন: মুমিনুলকে নিয়ে টিম ম্যানেজম্যান্টের চিন্তা-ভাবনাটা কী?
মাশরাফি: দেখুন, ব্যাটিং অর্ডার কিন্তু নরমালি যেরকম আছে সে রকমই থাকবে। এটা এই ক্ষেত্রেই চিন্তা করা হয়েছিল, যে ফর্মে আছে সেই ম্যাক্সিমাম ওভারটা খেলুক। নরমালি মুমিনুল তিনেই খেলবে। আর সাকিব পাঁচেই খেলবে। আগের ম্যাচে যেটা হয়েছিল- টিমের ইনফর্ম ব্যাটসম্যানকে যদি আমরা বেশি ওভার না দিই- এটা আমাদের জন্য লস হয়ে যাবে। আমাদের মেইন ব্যাটম্যান যদি বেশি ওভার না খেলে তাহলে আমরা যে রানটা আশা করছি সেটা হবে না। যে খেলোয়াড় ব্যাটিং করতে যাচ্ছে তার সাথে আলোচনা না করে কিছু করা হয়না। তার নিজের কাছেও যদি ভালো লাগে তাহলেই সেটা হয়। আলোচনা করেই কিন্তু এটা হয়েছে। সাকিব মেইন প্লেয়ার তার সাথে নিশ্চয়ই আলোচনা না করেই সিদ্ধান্ত নেয়া হয়নি। ওপেনার ব্যাটসম্যানরা যদি বড় ইনিংস খেলে ২৫-৩০ ওভার পর্যন্ত খেলতে পারে ওই সময় যদি সাকিবকে খেলানো হয় তাহলে মাত্র ৭-৮ ওভার ওভার পাবে যা আমাদের জন্য লস হয়ে যাবে।
প্রশ্ন: একজন ব্যাটসম্যানকে (সাকিব) বেশি সুযোগ দেয়ায় অন্য ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস কমে যাচ্ছে কী না?
মাশরাফি: দেখুন, আলোচনার প্রেক্ষিতে সবই হয়। এ পরিবর্তন তো আর সবসময় হবে না। আগের ম্যাচে তামিম-বিজয় ২৫ ওভার ব্যাটিং করেছে। এটা তো আর প্রতি ম্যাচে সম্ভব না। খেলা নরমালি হলে তো ব্যাটিং অর্ডার নরমালিই থাকবে।
প্রশ্ন: দুটি ওয়ানডে খেলার পর বাংলাদেশ দলে কি কি দুর্বলতা আছে বলে মনে হয়- যেখানে ওভারকাম করা যায়?
মাশরাফি: এখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। যেখানে আমরা ভালো খেলেছি সেখানেও ইমপ্র“ভ করার জায়গা আছে। প্রত্যেকটা বড় দলই তা করে থাকে।। ফিল্ডিংয়ে ভালো করছি। এর আগে এর চেয়েও ভালো ফিল্ডিং আমরা করেছি। ফিল্ডিংয়ে আরো ভালো করা সম্ভব। ইমপ্র“ভ প্রতিটা জায়গায় করা সম্ভব। আর সেটা না করতে পারলে ওয়ার্ল্ডকাপ আমাদের জন্য কঠিন হবে।
প্রশ্ন: কালকের (আজকের) ম্যাচের লক্ষ্য কী?
মাশরাফি: আমাদের প্রত্যেকটা ম্যাচেই জিততে হবে। কালকের ম্যাচটা জিতলে সিরিজটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সহজ সুযোগ কেউই চাইবে না ছাড়তে।
প্রশ্ন: কালকের ম্যাচটা জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। অধিনায়ক হিসেবে এই অনুভূতিটা কেমন?
মাশরাফি: অনুভূতি তো অবশ্যই ভালো। যদি সিরিজটা জিততে পারি অবশ্যই ভালো লাগবে। সিরিজ জেতাটা আমাদের এই মুহূর্তে খুবই দরকার। বর্তমান প্রেক্ষাপটে এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূনর্ণ। জিততে পারলে খুব ভালো হবে। সবার ফোকাস ওয়ার্ল্ডকাপে। তো ওয়ার্ল্ডকাপের আগে ভালো কনফিডেন্স নিয়ে যেতে পারলে আমাদের জন্য ভালো হবে।


