বাগেরহাটে হতদরিদ্রের চাল প্রভাবশালিদের পেটে :
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটে ১০ টাকা কেজি দরে গরীবের চাল যাচ্ছে ধনীদের পেটে। অসহায় ও হতদরিদ্র মানুষদের কে বাদ দিয়ে কার্ড দেয়া হচ্ছে এলাকার প্রভাবশালি ও স্বচ্ছল পরিবারকে। অভিযোগ উঠেছে কার্ড বিতরণ করা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমর্থকদের মাঝে। এছাড়া ৩০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে কম। হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হতে না হতেই বাগেরহাটে জেলার ৯ উপজেলা ও ইউনিয়নে চলছে দুর্নীতির মহোৎসব। সে দিকে নজর নেই প্রশাসনের। অসহায় ও হতদরিদ্রদের যে তালিকা তৈরী করা হয়েছে তাতে রয়েছে এলাকার স্বচ্ছল ও প্রভাবশালিদের নাম। সে তালিকা থেকে বাদ পড়েছে অসহায় ও হতদরিদ্র সাধারন মানুষ অভিযোগ রয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সমর্থকদের মাঝে এই চাল বিতরণ করছেন স্থানীয় চেয়ারম্যান ও ডিলাররা। এতেই শেষ নয় কার্ড প্রতি ৩০ কেজি চাল বরাদ্ধ হলেও, ডিলারদের কাছ থেকে মাপে মিলছে কম। এই অবস্থায় অভিযুক্ত ব্যক্তির ডিলারশিপ বাতিল ও নতুন করে তালিকা তৈরির দাবি স্থানীয়রা জানালেও তাতে লাভ হয়নি। তবে জেলা প্রশাসক বলছেন, অনিয়মের সাথে যুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। দরিদ্রদের সঠিক তালিকা তৈরি করে চাল বিতরণে অনিয়ম ঠেকাতে সরকারের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর।



