বিরামপুরে আ.লীগ এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে দিনাজপুরের বিরামপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সামছুল আলমের নির্বাচনী কর্মী সুলতান মাহমুদ জানান, নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীরা হামলা চালিয়ে তাদের মাইক ভেঙে দেয়। এর পর তারা সামছুল আলমের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় কয়েকজন কর্মী আহত হন। সামছুল আলম পালিয়ে প্রাণে বাঁচেন। এদিকে, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনুস আলী অভিযোগ করে বলেন, সন্ধ্যার নির্ধারিত নির্বাচনী পথসভায় যাওয়ার সময় সামছুল আলমের নির্বাচনী কার্যালয়ের সামনে তার নেতাকর্মীদের উপর হামলা করে সামছুল আলমের সমর্থকরা। সামছুল আলমের নির্বাচনী কার্যালয় তারই লোকজন ভেঙে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর মিথ্যা দোষ চাপানোর চেষ্টা করছে। কাটলা বাজারে স্থানীয় এক বাসিন্দা জানান, সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বাজারের লোকজনের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপরই পুলিশ র্যাব ও বিজিবির কয়েকটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



