বিরামপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
শাহ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে নাজমুল হক (৫০) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। নাজমুল হক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র। ৭ ডিসেম্বর, সোমবার দিবাগত রাত ২ টায় বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
খানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টায় মৌপুকুর গ্রামের আলহাজ্ব হাসান আলীর বাড়ীতে ডাকাতির উদ্যেশ্যে ২০/২৫ জনের একটি ডাকাত দল হামলা চালায়। ডাকাতরা প্রথমে প্রতিবেশীদের বাড়ীর মুল ফটক রশি দিয়ে বেধে আটকে দেয়। এরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। পরে তারা প্রাচীর টপকিয়ে বাড়ীতে প্রবেশ করে।
বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে মোবাইল ফোনে পাশ্ববর্তী গ্রামের লোকজনকে ডাকাতির সংবাদটি জানান। পরে এলাকার লোকজন সকলে ঐক্যবদ্ধ হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাতেরা পালানোর সময় নাজমুল হক নামে এক ডাকাতকে গ্রামবাসী আটক করে গণপিটুনি দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত নাজমুল হককে আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও ৮ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৮টা ৩০মিনিটে সে মৃত্যু বরণ করে।
বাড়ীর মালিক আলহাজ্ব হাসান আলী জানান, ডাকাতরা আলমারী ভেঙ্গে নগদ টাকা, কাপড় ও স্বর্ণালংকার সহ আনুমানিক ৪লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। হাসপাতালের আরএমও মসিউর রহমান জানান, নিহত ডাকাতের মাথায় প্রচন্ড আঘাতের কারনে মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।



