বিরামপুরে জেলার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুর: দিনাজপুর জেলার দক্ষিণের ৬টি (বিরামপুর,হাকিমপুর,নবাবগঞ্জ,ঘোড়াঘাট,ফুলবাড়ি ও পার্বতীপুর) উপজেলাকে নিয়ে বিরামপুরে জেলা বাস্তবায়নের দাবিতে ৮ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে এক বিক্ষোভ মিছিল বিরামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বাস্তবায়নের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ বিরামপুর ঢাকা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে বিরামপুরের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
বিরামপুর কম্পিউটার সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বাস্তবায়ন কমিটির সাবেক সভাপতি এ্যড. মওলা বক্স, সহকারী অধ্যাপক ডক্টর এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি মোবারক আলি, কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির হিরো, মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক শুকুর আলী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, “দিনাজপুরের ৬টি উপজেলাকে নিয়ে বিরামপুরকে অবিলম্বে জেলা ঘোষণা করতে হবে অন্যথায়, জেলা বাস্তবায়নের দাবীতে পরবর্তীতে রেলপথ ও সড়কপথ অবরোধ করে বৃহত্তর অন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।”



