বিরামপুর পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের ১ বিএনপির ১ ও স্বতন্ত্র ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: আগামী ৩০ ডিসেম্বর আসন্ন পৌর নির্বাচনে দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র পদে আ’লীগের অধ্যাপক আক্কাস আলী, বিএনপি’র আজাদুল ইসলাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বিরামপুর পৌরসভা এখন প্রথম শ্রেনীতে উন্নিত। এ পর্যন্ত অনুষ্ঠিত ৩টি পৌরসভা নির্বাচনে দু’বার আ’লীগ সমর্থিত চেয়ারম্যান ও মেয়র এবং একবার বিএনপি সমর্থিত মেয়র নির্বাচিত হন। গত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র আজাদুল ইসলাম আজাদের কাছে সাবেক পৌর চেয়ারম্যান ও আ’লীগ নেতা অধ্যাপক আক্কাস আলী পরাজিত হন।
এবার দলীয় প্রতীকে নৌকা ও ধানের শীষ মার্কায় ভোট দিতে পারায় রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহের সাড়া জাগিয়েছে। পৌরসভার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, পৌর শহরের নাগরিক জীবন যাত্রার মান উন্নয়নের স্বার্থে ও বিরামপুর পৌরসভাকে মডেল হিসেবে উন্নয়নের শিখরে পৌঁছাতে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করতে বদ্ধপরিকর পৌরবাসী।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এস,এম মনিরুজ্জামান আল মাসউদ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আতাউল হক- এর নিকট মেয়র পদে পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র আজাদুল ইসলাম আজাদ বিএনপি সমর্থিত প্রার্থী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান অধ্যাপক আক্কাস আলী আ’লীগ সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র মরহুম হোসেন আলী সরকারের ছেলে ও আ’লীগ নেতা লিয়াকত আলী সরকার টুটুল, পৌর বিএনপি নেতা হুমায়ন কবির, জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সির ৩টি পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে এ বছর নতুন ৬ হাজার ভোট যোগ হয়ে বর্তমানে ভোটার সংখ্যা- পুরুষ ১৫ হাজার ৮৫৮ জন এবং মহিলা ১৬ হাজার ২৫৪ জনে দাড়িয়েছে।



