বিশ্বের ১০০ চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা
বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ওয়াশিংটনভিত্তিক ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ এ তালিকা প্রকাশ করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতিবছর বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকা প্রকাশ করে মর্যাদাপূর্ণ ম্যাগাজিন ‘ফরেন পলিসি’। এ তালিকার ‘ডিসিশন মেকারস’ ক্যাটাগরিতে শেখ হাসিনাসহ বিশ্বের ১৩ চিন্তাবিদের নাম রয়েছে।
জলবায়ু পরিবর্তনের ইস্যু মোকাবেলায় তার অসামান্য অবদানের জন্য ‘নেতৃস্থানীয় আন্তর্জাতিক চিন্তাবিদ’ হিসেবে শেখ হাসিনাকে এ উপাধি দেয় ‘ফরেন পলিসি’।
এ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিবের নাম রয়েছে।
প্রতিবছর বার্ষিক সংখ্যায় বিশ্বের সেরা ১০০ চিন্তাবিদের নাম প্রকাশ করে ‘ফরেন পলিসি’। ২০০৯ সাল থেকে এ ধরনের তালিকা প্রকাশ করে আসছে ম্যাগাজিনটি।
বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি আমলা এবং বুদ্ধিজীবীদের সৃষ্টিশীল কর্মকাণ্ড ও ভাবনা বিবেচনায় নিয়ে ১০০ জনের তালিকা প্রকাশ করা হয়।



