বুধবার থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হলেও, আইনি বাধ্যবাধকতার কারণে এখনই আনুষ্ঠানিক প্রচারে নামতে পারছেন না প্রার্থীরা। তবে কুশল বিনিময় আর দোয়া প্রার্থনার নামে চলছে কৌশলী প্রচারণা। আচরণবিধি অনুযায়ী, ভোটের ২১ দিন আগ থেকে প্রচারণার নিয়ম।
কিন্তু এবার তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করায়, প্রতীক ছাড়াই প্রচারণায় নামতে হচ্ছে প্রার্থীদের। এক্ষেত্রে অসুবিধায় পড়বেন স্বতন্ত্র প্রার্থীরা। কারণ দলীয় প্রার্থীরা বুধবার থেকেই নিজ দলের প্রতীকে প্রচার শুরু করতে পারবেন।
যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে, নির্বাচনের মাঠে প্রার্থীরা। আইনী বাধার কারণে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও, কৌশলে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা প্রার্থীদের।
এদিকে, পৌর নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে, আপিল করছেন অনেকেই। ফেনিতে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী ও মানিকগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থিসহ অনেকেই প্রত্যাহার করেছেন নিজেদের প্রার্থীতা।
এদিকে চলছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল প্রক্রিয়া। চলবে টানা তিন দিন।
আর, প্রতীক বরাদ্দ না হলেও, বুধবার থেকেই শুরু করা যাবে প্রচারণা। তবে এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা পড়তে পারেন বিড়ম্বনায়, কেননা দলীয় প্রার্থীদের প্রতীক আগে থেকে নির্ধারিত থাকলেও, স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক তখনও থাকছে অজানা। তবে, নির্বাচন কমিশন বলছে, এটা খুব একটা পার্থক্য তৈরি করবে না।
আগামী ১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের পর ১৪ ডিসেম্বর করা হবে প্রতীক বরাদ্দ।



