বৃহস্পতিবার দেশজুড়ে হরতাল দিয়েছে জামায়াতে ইসলামি
স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে দেশজুড়ে বৃহস্পতিবার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামি। জামায়াতে ইসলামি’র ওয়েবসাইটে বলা হচ্ছে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ একটি বিবৃতি প্রদান করেছেন।
সেখানে বলা হচ্ছে “জামায়াতকে নেতৃত্ব শূন্য করার জন্য সরকার জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে”।
গতকাল মঙ্গলবার আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয় মুজাহিদের। এবছরের ৩০শে সেপ্টেম্বর মুজাহিদের সাজা বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর রায় পুনর্বিবেচনার জন্য আপিল করেন তিনি।
বিবৃতিতে বলা হচ্ছে “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব মুজাহিদকে সরকারী ষড়যন্ত্রে হত্যা করা সম্ভব হলেও তার রাজনৈতিক আদর্শ কখনো হত্যা করা সম্ভব নয়।
এ অন্যায় ও ষড়যন্ত্রমূলক সরকারী হত্যাকাণ্ডের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি”।



