বেরোবিতে কর্মচারী কর্তৃক শিক্ষার্থীকে লাঞ্চিত করার প্রতিবাদে সড়ক অবরোধ
বেরোবি প্রতিনিধি: কর্মচারী কর্তৃক শিক্ষার্থী লাঞ্ছিতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রতিবাদে রবিবার বিকেলে রংপুর- কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ থেকে সরে আসলেও শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অভিযুক্ত কর্মচারীদের অপসারনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছে। জানা যায়, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি সংলগ্ন গাছে সজনা আহরণ কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ আহমেদকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (কাজ নাই মজুরী নাই) গুলশান আহমেদ শাওন ও তাঁর দুই সহযোগী বেধড়ক মারধর করে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে দোষীদের অপসারনসহ শাস্তির দাবি জানায়। বিকেল তিনটা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত বিচারের দাবির পক্ষে কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুর রহমান জানায়, কর্মচারী কর্তৃক শিক্ষার্থী লাঞ্চিত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। উপাচার্যের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করব।



