বেরোবির ভর্তি পরীক্ষা সম্পন্ন; দুই শিক্ষার্থীর কারাদন্ড
বেরোবি সংবাদদাতা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে মোট ১৩ শিফটে ৬ টি ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে আজ বৃহস্পতিবার।
আজ বিকাল ৪ টায় অনুষ্ঠিত ‘ই’ ইউনিটের শেষ শিফটের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে কারাদন্ড দিয়েয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাহবুবুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ও মাদারীপুর জেলার শরীয়তপুর উপজেলার সঞ্জিত মন্ডল। একজনের উত্তরপত্র অন্যজন পুরণ করার দায়ে দায়িত্বরত শিক্ষক তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমান আদালতে দায়িত্বরত রংপুর সদরের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ ফাউজুল কবীর শহিদুল ইসলামকে ১৫ দিন ও সঞ্জিত মন্ডলকে ৩ দিনের কারাদন্ড দেন।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. একে এম নুর নবী বলেন, আমরা ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পর্ন করতে পেরেছি। এবারের ভর্তি পরীক্ষা নিরাপত্তার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এসময় ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।
এদিকে ৫ দিন পর আজ সন্ধ্যায় জনসাধারণের জন্য ক্যাম্পাস উন্মুক্ত করা হয়। আগামীকাল থেকে সবকটি হল চালু করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এবছর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ১২০০ আসনে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।



