ভারতের কাছে ৬ উইকেটে হারল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের ইতিহাসটা তাই এবারও বদলাতে পারল না পাকিস্তান। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। কলকাতার ইডেন গার্ডেনে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৮ রান করে পাকিস্তান। জবাবে বিরাট কোহলির দারুণ এক ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইডেনের আউটফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচটি শুরু হয় এক ঘণ্টা পর রাত ৯টায়। ম্যাচের দৈর্ঘ্যও তাই কমে আসে ১৮ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের ব্যাটসম্যানদের শুরু থেকেই চেপে ধরেন ভারতীয় বোলাররা। আহমেদ শেহজাদের সঙ্গে ৭.৪ ওভারে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান শারজিল খান। সুরেশ রায়নার বলে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন শারজিল (২৪ বলে ১৭)। স্কোরবোর্ডে আর ৮ রান যোগ হতেই শেহজাদও সাজঘরের পথ ধরেন। জাসপ্রিত বুমরাহর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন শেহজাদ (২৮ বলে ২৫)। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চারে নেমে ১৯ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলা শহীদ আফ্রিদি এদিন ব্যাটিং অর্ডারে নিজেকে আরো ওপরে তুলে আনেন। কিন্তু এদিন ব্যাট হাসেনি পাকিস্তান অধিনায়কের। তিনে নেমে ১৪ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন। পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপে বিরাট কোহলির তালুবন্দি হন আফ্রিদি। এরপর চতুর্থ উইকেটে উমর আকমল ও শোয়েব মালিক জুটি দ্রুতগতিতে রান তুলে দলের স্কোর ১০০ পার করেন। এর পরেই আকমলকে ফিরিয়ে ৪১ রানের ৪ ওভার স্থায়ী জুটি ভাঙেন জাদেজা। মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে ধরা পড়েন আকমল (১৬ বলে ২২)। পরের ওভারে আশিস নেহরার বলে মালিকও আউট হয়ে যান (১৬ বলে ২৬)। আকমল ও মালিকের বিদায়ের পর পাকিস্তানের রান তোলার গতিও কমে আসে। শেষ ১০ বলে বাউন্ডারি আসে মাত্র একটি! সরফরাজ আহমেদ ৮ ও মোহাম্মদ হাফিজ ৫ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে নেহরা, বুমরাহ, রায়না, জাদেজা ও পান্ডিয়া- প্রত্যেকেই নেন একটি করে উইকেট



