মধুখালীতে আখ চাষী প্রতিনিধিদের নিজস্ব আর্থিক উদ্যোগে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ
রেজাউল করিম তুহিন, মধূখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আওতাধীন উপজেলা মেগচামী ইউনিয়নের ৭নং ইউনিটের নবনির্বাচিত তিন আখচাষী প্রতিনিধির ব্যক্তি গত অর্থ ব্যয়ে তাদের উদ্দ্যোগে এলাকার আখ চাষী ও জনগনের সুবিধার লক্ষ্যে ৩ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটার মাটির কাঁচা রাস্তা নির্মান করছেন।
জানাজায়, উপজেলার মেগচামী ইউনিয়নের বামুন্দি বালিয়াকান্দি এলাকার ৭ নং ইউনিটে চলতি বছর আখ উন্নয়ন ও সংগ্রহ কমিটির নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্যা, মো. তারেক রহমান এবং মো. আবুল বাসারকে এলাকার আখচাষীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেন। এর ফলে তারা খুশি হয়ে আখচাষী ও স্থানীয় জনগনের সুবিধার জন্য বামুন্দি বালিয়াকান্দি মহিষাকুলা- রোঘো ডাঙ্গী বিল অভিমুখে মধ্যমাঠ দিয়ে ১৬ ফুট চওড়া এক কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মান করছেন।
৭নং ইউনিটের আখ উন্নয়ন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য মো. তারেক রহমান ও আবুল বাসার জানান, এ রাস্তাটি নির্মানের ফলে বামুন্দি বালিয়াকান্দি, কলাগাছি, গাবুরদিয়া, পার আশাপুর, নরকোনা এবং পাঁচ কোড়কদীসহ ওই ৬টি গ্রামের ১০হাজার জন সাধারণ, প্রায় ২‘শ শিক্ষার্থীর বিভিন্ন স্কুল ও কলেজে যাতায়াত এবং এলাকার আখচাষীরা তাদের আখ সহজে চিনিকলে পৌছানোর জন্য সুবিধার ভোগ করবেন। যার ফলে এ এলাকায় আখ রোপনে চাষীরা উৎসাহিত হবেন। ওই মাঠে প্রায় ৩০ থেকে ৪০ একর জমিতে আখ চাষ করা হয়। এ থেকে প্রতিবছর ৬০ হাজার মণ আখ ফরিদপুর চিনিকলে সরবরাহ হয়ে থাকে।
স্থানীয় মোল্যাডাঙ্গী গ্রামের কৃষক মো. আবুল কালাম, বামুন্দি তেঘরপাড়ার কানু চন্দ্র সেন এবং মো. জাহাঙ্গির জানান, এ রাস্তাটি নির্মানের ফলে শুধু আখ নয় অত্র মাঠের উৎপাদিত ধান, পাট, রবিশস্য ফসল আনা সহজ হবে। এলাকাবাসী ওই তিন প্রতিনিধির উন্নয়ন মূলক কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। স্থানীয় উপস্থিত প্রায় ৫০জন চাষী সরকারের কাছে ওই রাস্তাটি ভবিষ্যতে পাকা করণের দাবী জানান।



