মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে: খালেদা জিয়া
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আসন্ন পৌর নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি।
খালেদা জিয়া বলেন, “বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। আসলে কত লোক শহীদ হয়েছে?” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ চাননি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না।
তিনি বলেন, “আওয়ামী লীগ নিজের ঘরে যুদ্ধাপরাধী পালছে, মন্ত্রী বানাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই।”
বিএনপির চেয়ারপারসন বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বিএনপিও চায়। কিন্তু তা হতে হবে আন্তর্জাতিক মানের ও স্বচ্ছ। এখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।”



