মুজাহিদের রিভিউ শুনানির রায় বুধবার
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় (রিভিউ) আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদন শুনানি শেষ বুধবার রায়ের দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার সকালের কার্যতালিকা অনুসারে মুজাহিদের আবেদন শুনানি হয়। প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে এই শুনানি হয়। সেখানে আরো রয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মুজাহিদের রিভিউ পিটিশনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। গত ২ নভেম্বর প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সাবেক এই দুই মন্ত্রীর রিভিউ আবেদন শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করে দিয়েছিল।



