যুক্তরাষ্ট্রে ট্যাক্সিওয়ে থেকে বিমান ছিটকে পড়ে আহত ৮
যুক্তরাষ্ট্রের ন্যাশভিলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান ট্যাক্সিওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে আট জন সামান্য আহত হয়।
ন্যাশভিলা দমকল বিভাগ জানায়, মঙ্গলবারের দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। আটজন সামান্য আহত হয়েছেন। তাদেরকে কাছের একটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানায়, বিমানটিতে ১৩৩ আরোহী ও ৫ জন ক্রু ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, বিমানটি একটি খাদে পড়ে রয়েছে এবং এর সামনের অংশ মাটিতে গেঁথে আছে। এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় আনুমানিক ৫ টা ২০ মিনিটে সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট #৩১ ন্যাশভিলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রবেশদ্বারের দিকে যাওয়ার সময় ট্যাক্সিওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটি হিউস্টন হবি বিমান বন্দর থেকে ন্যাশভিলা আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল। এএফপি।


