যুক্তরাষ্ট্রে হামলাকারী দম্পতির বাড়িতেও গুলি-বিস্ফোরক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান বার্নার্দিনো শহরের প্রতিবন্ধী সেবাকেন্দ্রে নির্বিচারে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার জন্য দায়ী দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাসফিন মালিক (২৭) নিহত হওয়ার পর পুলিশ এ অভিযান চালায়। খবর বিবিসি’র। ধারণা করা হচ্ছে, সৈয়দ রিজওয়ান ফারুক তার স্ত্রী তাশফিন মালিকের সম্ভবত সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ ছিল; যদিও এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে স্যান বার্নার্ডিনো শহরের ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে স্থানীয় জনস্বাস্থ্য বিভাগের হলিডে পার্টিতে রাইফেল নিয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান রিজওয়ান ও তাশফিন। ২৮ বছর বয়সী রিজওয়ান জনস্বাস্থ্য বিভাগের পরিদর্শক ছিলেন। দুই বছর আগে তাশফিনকে (২৭) বিয়ে করেন তিনি। তাদের ছয় মাস বয়সী একটি মেয়ে রয়েছে বলে সিএনএন জানিয়েছে। হামলার পর পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিজওয়ান ও তাশফিন দুজনই। এসময় দুজন পুলিশও গুলিবিদ্ধ হন। বিবিসি জানিয়েছে, এই ঘটনার পর রিজওয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক, অস্ত্র এবং কয়েক হাজার রাউন্ড গুলি পেয়েছে পুলিশ। স্যান বার্নার্ডিনোর পুলিশ প্রধান জ্যারড বারজুয়ান বলেছেন, ‘তাদের উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে সম্ভবত এই দম্পতির আরও হামলা চালানোর পরিকল্পনা ছিল।’ ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মারা যাওয়ার আগে এই দম্পতি ৭৬ রাউন্ড গুলি চালিয়েছিলেন বলে বিবিসি জানিয়েছে।



