‘যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত হবে’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত ও যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মোজাম্মেল হক বলেন, আমরা আশা করছি যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সব সম্পদ বাজেয়াপ্ত হবে। যুদ্ধাপরাধীদের দল জামায়াত যেনো বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে না পারে সে উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যমান আইনে সম্ভব না হলে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জয়ের আনন্দ আমরা ভুলে গেছি। কিন্তু পরাজিত সৈনিকেরা ভুলেনি বলেই তারা এখনো ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
তিনি বলেন,‘হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় বাংলার জনগণ তা পছন্দ করে না। তাদের রাজনৈতিক কবর অবশ্যই এদেশের মাটিতে রচিত হবে।’
একই অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি করা যায় না। যারা করে, তারা যুদ্ধপরাধী, মৌলবাদী ও অশিক্ষিতদের দল।
আয়োজক সংগঠনের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন সাখোয়াত হোসেন ও উত্তম কুমার বড়ূয়া প্রমুখ।



