যে গ্রামে খাটে ঘুমানো নিষেধ
বিচিত্র ডেস্ক: শুতে হবে মাটির বিছানাতেই। খাট-চৌকি চলবে না। কারণ গ্রামের আরাধ্য পীরসাহেবও যে ঘুমিয়ে আছেন মাটির নিচে। যুগ যুগ ধরে এই বিশ্বাসই আঁকড়ে চলেছে দক্ষিণ দিনাজপুরের পীরপাল গ্রামের বাসিন্দারা। তাদের পীরসাহেব ইতিহাসখ্যাত যোদ্ধা বখতিয়ার খিলজি যিনি মাত্র সতেরো জনের ঘোড়সওয়ার বাহিনী নিয়ে লক্ষ্ণণ সেনকে হারিয়ে গৌড়বঙ্গের দখল নিয়েছিলেন। হাজার তিনেক মানুষের বাস এই গ্রামে। আছে একটি প্রাথমিক স্কুল, গঙ্গারামপুরের সঙ্গে সংযোগকারী পাকা রাস্তাও। আর আছে বখতিয়ার খিলজির সমাধি। যুগ যুগ ধরে নানা লোকগাথা সূত্রে যাকে গ্রামবাসীরা মানেন একজন পীর বলে। একে পীর, তার ওপর একসময়ের রাজাও। তিনি শায়িত মাটির নিচে। গ্রামবাসীরা কি আর খাটে শুতে পারেন? তাই খাট, চৌকি নো এন্ট্রি। ঘর বা বারান্দায় মাটি জমিয়ে উঁচু করে তারওপরই বিছানা পেতে শোওয়ার ব্যবস্থা গ্রামে। এই সংস্কার কবেকার, কেউ জানে না। ইতিহাস কি বলছে, তা নিয়েও পীরপাল গ্রামের মাথা ব্যাথা নেই। তাদের সহজ বিশ্বাস, আজও গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়ান পীরসাহেব। জাতি, ধর্ম নির্বিশেষে সেই বিশ্বাসই আঁকড়ে রয়েছেন পীরপালের বাসিন্দারা। সূত্র: জিনিউজ



