রংপুরের দমদমা বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মিভূত; ১০ লক্ষ টাকার ক্ষতি
মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর: রংপুরের দমদমা বাজারে বিদ্যুৎ শর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মিভূত হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৩ টার দিকে মিঠাপুকুর উপজেলার দমদমা বাজারে এ অগ্নিকেন্ডর ঘটনা ঘটে। এতে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। জানা যায়, রাত ৩ টার দিকে বক্তার রহমানের হাড়ি-পাতিলের গোডাউনের ঘর থেকে অজ্ঞাত কারনে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডে পাশের মো. হালিমের কাপড়ের দোকান ও হাবিবুর রহমান হাবিবের সিমেন্টের দোকান ভস্মিভূত হয়। প্রত্যক্ষদর্শী বক্তার রহমান জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকানে ঘুমিয়ে যাই। হঠাৎ আগুনের তাপে আমার ঘুম ভেঙ্গে যায়। কোন রকমে দোকানের ঘর থেকে বের হয়ে আত্মরক্ষা করি। বাজারের পাহারাদার মঈন উদ্দিন জানান, গভীর রাতে দোকান তিনটিতে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। আমার চিৎকারে আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, এই প্রতিষ্ঠান থেকে আমাদের জীবিকা নির্বাহ হত। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়ায় আমাদেরকে এখন পথে বসতে হবে।



