রংপুরে জাপানি হত্যা; আবার দায় স্বীকার করেছে আইএস!
ইসলামপন্থী জঙ্গিদল ইসলামিক স্টেট (আইএস) আবারও বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যার দায় স্বীকার করেছে। গত ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক ওসি কুনিওকে হত্যার দায় স্বীকার করে দাবিক নামের একটি অনলাইন ম্যাগাজিনে খবর পোস্ট করেছে তারা। দাবিকের বরাত দিয়ে জাপান টাইমস এই তথ্য জানিয়েছে।
ওসি কুনিও (৬৬) গত ৩ অক্টোবর রংপুরের আলুটোলায় অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে নিহত হন। তবে দাবিক ম্যাগাজিনের মাধ্যমে আইএসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে ইতালীয় নাগরিক তাভেল্লা সিজারকে গুলি করে হত্যা করা হয়। আইএসের নামে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে একটি ওয়েব সাইটে পোস্ট দেওয়া হয়।
তবে বাংলাদেশ সরকার দেশে আইএসের উপস্থিতির দাবি খারিজ করে দিয়ে হত্যাকাণ্ডগুলোর পেছনে বিরোধী দলের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে। ইতোমধ্যে তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অন্তত একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থক।



