রংপুরে ট্রাকের ভিতর থেকে দুটি লাশ উদ্ধার
রংপুর প্রতিনিধি: রংপুরে ট্রাকের ভিতর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর তাজহাট এলাকার ভিআইপি শাহাদাৎ কোল্ড স্টোরের সামনে রাখা একটি ট্রাক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ট্রাকের নাম্বার চুয়াডাঙ্গা ট ১১-০৩৩৫। ধারণা করা হচ্ছে কোথাও থেকে তাদের হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হচ্ছিল। নিহতরা হলেন পাবনা জেলার বাঘাবাড়ী ইউনিয়নের নন্দাই গ্রামের মৃত: সোনা উল্ল্যার ছেলে কুরাইশ খান(৩৬) ও একই এলাকার চাঁদ উল্ল্যার ছেলে রমজান আলী(৪০)। কুরাইশের বড় ভাই আব্দুল করিম জানান, কুরাইশ ওই ট্রাকটির মালিক ও ড্রাইভার এবং রমজান হেলপার। গত দুই দিন আগে তার ভাই ট্রাকটি নিয়ে দিনাজপুরের উদ্দ্যেশ্যে রওয়ানা করেন। পরে দিনাজপুর থেকে চাল লোড করে নগরবাড়ী যাওয়ার কথা ছিল। কিন্ত পরবর্তীতের তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আজ সকালে পুলিশের মাধ্যমে তাদের হত্যার বিষয়টি জানি। কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।



