রাজধানীতে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর দক্ষিণখানে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। দক্ষিণখানের ২৪৭ ফয়দাবাদের একটি বাসার নিচ তলায় আজ ভোরে বিকট শব্দে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। এ সময় ঘরের মধ্যে আগুন লেগে যায়। আগুনে ঘুমন্ত অবস্থায় এক পরিবারের ৫ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- রোমানা (৩০), তার মেয়ে মনিকা আক্তার (৮), রোমানার ভাই ইমরান (৩০) ইমরানের স্ত্রী জান্নাত (২২) ও তাদের মেয়ে তামমিয়া (২)। এলাকাবাসী জানান, বিস্ফোরণে আসবাবপত্র ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে।



