রাজধানীতে মধ্যরাতে বজ্রসহ বৃষ্টি
বিডিপি প্রতিবেদক: রাজধানীতে শুক্রবার মধ্যরাতে হঠাৎ বজ্রসহ বৃষ্টি হয়েছে। এ সময় বজ্রপাতের সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে। রাত পৌনে ১টার দিকে রাজধানীর নতুন বাজার, গুলশান-২ ও মহাখালী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। একই সময়ে ফার্মগেট এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। কিছু সময় পর রাত সোয়া ১টার দিকে শাহবাগে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে বিদ্যুৎ চমকানোর কথা বলেছেন অনেকে। বারিধারা এলাকায়ও বজ্রপাতের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এদিকে, হঠাৎ ঝড়বৃষ্টির কারণে রাজধানীতে খেটে খাওয়া মানুষগুলোকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। খোলা আকাশ যাদের ছাদ হঠাৎ বৃষ্টিতে তাদেরকে বেশ নিঃস্ব অবস্থায় দেখা গেছে। ক্লান্তি নিবারণে রিকশায় গা এলিয়ে দেওয়া রিকশাচালকদেরও ভোগান্তির কমতি ছিল না।



