লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাই, ৫ কোটি টাকার ক্ষতি
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন লক্ষ্মীপুর বণিক সমিতি সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সংলগ্নে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নিভাতে গিয়ে আলমান নামের ১ ফায়ার সার্ভিস কর্মী আহত হন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের চকবাজার ও পুরাতন আদালত সড়কের একটি মোবাইলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকান গুলোতে আগুন ছাড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী ঘোষ মিষ্টান্ন ভান্ডারে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় বাজারের নাইটগার্ড স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের সহযোগীতায় মাইকে বাজারে আগুন লাগার ঘোষণা দিলে চর্তুদিক থেকে লোকজন ছুটে এসে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ফলে প্রায় ২৫টি দোকান সম্পূর্ণ ও ৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এমন দৃশ্য দেখার জন্য আজ বুধবার সকালে ছুটে আসেন শত শত মানুষ।



