লেজে ভর করে লিড নিলো অস্ট্রেলিয়া
গোলাপি বলের খেলায় নিউজিল্যান্ডও কম যায় না। অ্যাডিলেডে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তাদের বোলাররা তুলে নিলো অস্ট্রেলিয়ার ৬ উইকেট। ম্যাচের প্রথম চার সেশনেই পড়লো ১৮ উইকেট! ম্যাচটা তখনই নিয়ন্ত্রণে নেয় কিউইরা। ১১৬ রানে ৮ উইকেট হারায় স্বাগতিকরা। তারপরও যে তারা ২২ রানের লিড নিতে পেরেছে তাতে অবদান টেল এন্ডারদের। পিটার নেভিল ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেছেন। দশ নম্বর ন্যাথান লিওনের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। ১১ নম্বর মিচেল স্টার্ক অপরাজিত থেকেছেন ২৪ রানে। প্রথম ইনিংসে ২২৪ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড দিবারাত্রির এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে করেছিল ২০২ রান।
২ উইকেটে ৫৪ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু একের পর এক উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক স্টিভেন স্মিথই কেবল প্রতিরোধ গড়তে পেরেছেন। ৬৩ রানের সময় অ্যাডাম ভোজেস (১৩) টিম সাউদির শিকার হয়েছেন। টেস্ট দলে ফেরা শন মার্শ এর চার রান পর ব্রেন্ডন ম্যাককালামের ক্ষীপ্রতায় ২ রান করেই রান আউট হয়ে ফিরেছেন। জুটি গড়তে পারছিল না অস্ট্রেলিয়া।
ষষ্ঠ উইকেটে স্মিথ ও নেভিল মিলে ২৯ রানের জুটি গড়েছেন। ৫৩ রান করে চা বিরতির আগে অফ স্পিনার মার্ক ক্রেগের শিকার হয়েছেন স্মিথ। একই ওভারে পিটার সিডলকে তুলে নিয়েছেন ক্রেগ। এই সময়ে ৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বিরতির পর অবাক করা ঘটনা ঘটে। নেভিল ও লিওনের জুটি ভাংতেই পারছিল না নিউজিল্যান্ডের বোলাররা। ইনিংস সর্বোচ্চ ৭৪ রানের জুটি হয়েছে নবম উইকেটে! এরপর দশম উইকেটে ইনিংসের দ্বিতীয় সেরা ৩৪ রানের জুটি হয়েছে নেভিল ও স্টার্কের মধ্যে। এই দুই জুটি লিড এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ডগ ব্র্যাসওয়েল ৩টি, ট্রেন্ট বোল্ট ও ক্রেগ দুটি করে উইকেট নেন।



