শুক্রবার শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের আসর
বিনোদন ডেস্ক: শুক্রবার থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের বৃহত্তম আসর ‘বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল’। আয়োজনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এবারের আসরের অন্যতম আকর্ষণ সরস্বতী বীণা। শুদ্ধ সংগীতে দর্শক-শ্রোতাদের মন মাতাতে তৈরি হচ্ছে আর্মি স্টেডিয়াম। চলছে মূল ভেন্যুর শেষ পর্যায়ের কাজ।
আগামী ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর রাত পর্যন্ত মঞ্চে থাকবেন উপমহাদেশের ৩৮ জন শিল্পী। আকর্ষণ হিসেবে থাকবে বিলুপ্ত প্রায় সরস্বতী বীণা। পরিবেশন করবেন ভারতের তামিল নাইডুর ডক্টর জয়ন্ত কুমারেশ।
বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বলেন, এটি উচ্চাঙ্গ সঙ্গীতের সবথেকে বড় ফেস্টিভাল। ৫ দিনে ৫৫ ঘণ্টার অনুষ্ঠান।
এছাড়াও দর্শকদের মন মাতাতে অংশ নিবেন ওস্তাদ জাকির হোসেন, পন্ডিত শিব কুমার শর্মা, ওস্তাদ রশিদ খান, পন্ডিত হরিপ্রশাদ চৌরাশিয়া, বিদুষী বোম্বে জয়শ্রীসহ আরো অনেকেই।
আবুল খায়ের লিটু আরো বলেন, এই অনুষ্ঠান শুধু আমাদের দেশের জন্য নয়। এবারের আসর উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিল্পী কাইয়ূম চৌধুরীকে।



