শ্রীনগরে নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা, ককটেল বিষ্ফোরণ; আহত ১০
মুন্সীগঞ্জ প্রতিনিধি: দিনভর মুষলধারে বৃষ্টির মধ্যে শ্রীনগরে ১৪ টি ইউনিয়নে নির্বাচনে বিচ্ছিন্নভাবে ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা,ককটেল বিষ্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এতে পুলিশের গুলিতে একজন ও ককটেল বিষ্ফোরণে ৩ জন আহত হয়েছে। এছাড়া দুই আনসার সদস্য সহ অন্তত আরো ৬ জন আহত হয়েছে। দুপুর একটার দিকে পাটাভোগ ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা মাসুরগাও কেন্দ্রে পর পর কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে কেন্দ্রটি দখলের চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আলামিন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আনসার সদস্য রবি শিকদার (৩৫) ও রহমতউল্লাহ (২৭) আহত হয়। তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার পুলিশের গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করেছেন। এর আগে কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ককটেল ফাটিয়ে কেন্দ্রটি দখলের চেষ্টা করে। এসময় ককটেল বিষ্ফোরণে মো. ফিরোজ শেখ (৪০) নামে একজন আহত হয়। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও দুপুর দুইটার দিকে ব্যালট পেপার,সিল ও প্যাড কেন্দ্রের বাইরে নিয়ে তাতে সিল মেরে বাক্স ভড়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী পক্ষের এজেন্টরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোট গ্রহণ শুরু হওয়ার ১ ঘন্টার পর কয়েকটি কেন্দ্র বিশৃঙ্খলা ও প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৮ টা ৩০ মিনিটে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন বিরোধী এজেন্টদের বের করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে । শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাড়ৈগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টার দিকে অনিয়মের তথ্য পেয়ে সাংবাদিকরা গেলে এক বহিরাগত লোক সাংবাদিকদের কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হুমকি দেয়। এসময় খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স ঘনাস্থলে উপস্থিত হলে বহিরাগত পালিয়ে যায়।



