সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। এ সময় শাহবাগ মোড়ে বেশ কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দিনাজপুরে মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোট। শুরুতে ছোটপরিসর থাকলেও বিভিন্ন সংগঠন যোগ দেয়ায় ক্রমশই বড় থাকে মানববন্ধন। এক পর্যায়ে রাস্তার উপর বসে বিক্ষোভ করেন তারা।
এছাড়া দিনাজপুরের কান্তজিউ মন্দির হামলা, নেত্রকোনার অর্জুন বিশ্বাসকে হত্যা ও ফরিদপুরের অলোক সেন হত্যা চেষ্টার প্রতিবাদ জানান তারা। এজন্য আইনশৃঙ্খলাবাহিনীর ব্যর্থতাকে দায়ী করেন তারা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় সংযোগ সড়কে বসে পড়লে উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংখ্যালঘুদের ঘরে বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রতি আবেদন জানিয়েছেন হিন্দু সম্প্রদায়।



