সরকারকে শিক্ষাখাতে বাজেট বাড়াতে হবে
শিক্ষানীতি প্রণয়ন কমিটির পরিসংখ্যান বলছে, দেশে প্রতিবছর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া প্রতি একশ’ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনই ঝরে পড়ে দ্বাদশ শ্রেণির শিক্ষা গ্রহণের আগে। আর এর মধ্যে ঝরে পড়ার হার সব থেকে বেশি লক্ষ করা যায় প্রাথমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সময়ে। আশার কথা হলো, গত পাঁচ বছরের তুলনায় এখন সারাদেশে প্রাথমিক স্কুলগুলো থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে এসেছে অর্ধেকে। বিশেষজ্ঞরা বলছেন ঝরে পড়ার হার আরও কমাতে প্রয়োজন শিক্ষা খাতে বাজেট বাড়ানোর। কতটা কষ্টে চোখের পানি ঝড়ে পড়ে সেটা হয়তো পাপিয়াই জানে। লেখাপড়া করে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ছিলো তার মধ্যে। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী হলেও তার পাশে দাঁড়ায়নি কেউ। ফলে প্রাথমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের আগেই ঝরে পড়তে হয়েছে তাকে। গলার কোথায় যেন আটকে যাচ্ছে সাইদুলের। বলতে কষ্ট হচ্ছিলো শুধু দরিদ্রতা শব্দের কশাঘাতেই কিনা জীবন থেকে হারিয়েছে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের সুযোগটুকু। প্রাথমিক শিক্ষার চালচিত্র বলছে দেশে পাঁচ বছর আগেও ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিলো চল্লিশ শতাংশ। যদিও দেশের ৮২টি উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থী ঝরে পড়া বন্ধে দেয়া হচ্ছে উপবৃত্তি আর দুপুরের খাবার। এতে ঝরে পড়ার হার কমলেও এখনও প্রতি বছর প্রাথমিক শিক্ষার গÐি পার করতে পারে না ২১ ভাগ শিক্ষার্থী। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বলেন,‘ পড়ালেখা ধরে রাখতে না পারার কারণ আমাদের বিদ্যালয় বা শিক্ষকরা নয়। এখানে শিক্ষার্থীদের বাবা-মাদের অসচেতনা থাকতে পারে।’ স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে হলে, সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে পরিবারে মায়েদেরকে। আর তাহলেই একদিকে যেমন শিক্ষার্থীরা হবে স্কুলমুখী, অন্যদিকে জাতি হবে শতভাগ শিক্ষিত। শিক্ষাবিদরা বলছেন, ‘দেশে প্রাথমিক পর্যায়ের স্কুল থেকে ঝরে পড়ার হার সবচেয়ে বেশি দেখা যায় বিশেষ বিশেষ জনগোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চল আর অতি দরিদ্রদের মধ্যে।’ গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘সরকার অঙ্গীকার করছেন সব শিশুকে স্কুলে আনবেন এবং মানসম্মত শিক্ষা দেবেন। তার জন্য যে পর্যাপ্ত বিনিয়োগ করা দরকার সেখানে কোন ধরনের ছাড় দেয়া সরকারের উচিত নয়।’ তারা বলছেন, শিক্ষার্থী ঝরে পড়ার ঘটনা প্রথম শ্রেণিতে ভর্তির পরপর শুরুহলেও চতুর্থ শ্রেণিতে গিয়ে তা ধারণ করে প্রকট আকারে।



