সাকা-মুজাহিদের রিভিউ শুনানি ১৭ নভেম্বর
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের (সোমবার) কার্যতালিকায় (কজলিস্টের) ১৬ নম্বরে মুজাহিদ এবং ১৭ নম্বরে সাকার রিভিউ আবেদন ছিল। রিভিউয়ের প্রস্তুতির জন্য মুজাহিদের পক্ষে সময় আবেদন করা হয়। সাকা চৌধুরীর পক্ষে সাক্ষী হাজিরে সমন জারির আবেদন করা হয়।
শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন ধার্য করেন। কিন্তু গত ১৮ সেপ্টেম্বর থেকে অবকাশকালীন ছুটি থাকায় বন্ধ ছিল সুপ্রিম কোর্ট। বন্ধের পর রোববার আবারো শুরু হয় উচ্চ আদালতের নিয়মিত কার্যক্রম।
গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাকা ও মুজাহিদের রিভিউ আবেদন দ্রুত শুনানির দিন ধার্যে দু’টি আবেদন রাষ্ট্রপক্ষ জমা দেয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়ে আপিল বিভাগের দেয়া চূড়ান্ত রায়ে গত ১৪ অক্টোবর প্রথমে মুজাহিদের পক্ষে তার আইনজীবী শিশির মনির ৩৮ পৃষ্ঠার রিভিউ আবেদন জমা দেন। আবেদনে রিভিউয়ের পক্ষে ৩২টি যুক্তি তুলে ধরা হয় বলে জানান আইনজীবী।
এরপর সাকা চৌধুরীর পক্ষে তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী রিভিউ আবেদনটি দাখিল করেন। তিনি জানান, ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে মূল দশটি যুক্তি তুলে ধরা হয়েছে।



