সালাউদ্দিন কাদের ও মুজাহিদের জল্লাদ ও ফাঁসির মঞ্চ প্রস্তুত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে দুই জল্লাদকেও।
শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাকা চৌধুরী ও মুজাহিদের রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর ফাঁসির মঞ্চ তৈরির কাজ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার রাত ২টার মধ্যে এ কাজ সম্পন্ন হয়। মঞ্চটি ধোয়ামোছা শেষে এর চারপাশে শামিয়ানা টানানো হয়েছে। তিনি আরো জানান, ফাঁসি কার্যকর করতে শাহজাহান ও রাজু নামের দুজন জল্লাদকে প্রস্তুত করা হয়েছে।
দুই জল্লাদের পরিচয় বিভিন্ন মামলার নথি সূত্রে জানা যায়, জল্লাদ শাহজাহান ২০১৩ সালের ১২ ডিসেম্বর প্রথম যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করেন। অন্যদিকে, চলতি বছরের ১২ এপ্রিল আরেক জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে ভূমিকা রাখেন জল্লাদ রাজু।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, শাহজাহান ১৪৩ বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ৩৬ বছর ধরে তিনি কারাগারে আছেন। আর রাজু ১৫ বছর ধরে কারাগারে আছেন। শাহজাহান বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচ আসামি, এরশাদ শিকদারসহ বিভিন্ন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছেন।



