সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
পৌরসভা নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে আজ রবিবার বৈঠকে বসছে বিএনপি। দুপুর ২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক ৫ সদস্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে (ইসি) যাবেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন : খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ এস এম আবদুল হালিম, ক্যাম্পেন (অব.) সুজাউদ্দিন ও বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল।
শায়রুল কবির জানান, পৌর নির্বাচনে অংশগ্রহণ এবং দলের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু সুনির্দিষ্ট বিষয় কমিশনের দৃষ্টিগোছরে আনা হয়েছে; ওইসব নিয়ে সিইসির সঙ্গে আলাপ-আলোচনা করবেন বিএনপির প্রতিনিধিরা। গতকাল শনিবার দুপুরেও ইসিতে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধিদল।



