সিইসি মেরুদণ্ডহীন: এরশাদ
নিজস্ব প্রতিবেদক: পৌর নির্বাচন সুষ্ঠ হবে না মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মেরুদণ্ড নেই। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। এ সময়তার পাশে বসা ছিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন,‘সিইসির মেরুদণ্ড নেই। মন্ত্রি-এমপিদের লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে প্রমাণ করেছেন,সাংববিধানিক দায়িত্ব পালনে তিনি ব্যর্থ। এর মাধ্যমে তিনি আরও প্রমাণ করেছেন, তিনি কেবল প্রজাতন্ত্রের চাকরি করছেন, সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না।’ সিটি করপোরেশনে নির্বাচনের মতো পৌরসভাতেও ব্যাপক কারচুপির আশঙ্কা প্রকাশ করে এরশাদ বলেন,‘এই নির্বাচন সিটি করপোরেশন নির্বাচনের মতো হবে। সিটি করপোরেশন নির্বাচনের ভোট যেভাবে সকাল ৯টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল,আমার আশঙ্কা এই নির্বাচনও তেমন হবে।’ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব-পৌর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের তা প্রমাণ করার সুযোগ ছিল বলে মন্তব্য করে এরশাদ বলেন, কিন্তু দলটি সে সুযোগ হাতছাড়া করেছে। তিনি বলেন, ‘পৌর নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা। অবস্থা দেখে মনে হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হবে না এবং অগ্নিপরীক্ষায় তারা উত্তীর্ণ হবে না।’ এরশাদ বলেন,‘আমাদের দলের দু’জন প্রার্থীকে জেলে পাঠানো হয়েছে। আমাদের দলের দেড়শ’ প্রার্থী ছিলেন। ভয়ে অর্ধেক বসে পড়েছেন। জনগণ এই নির্বাচন মানবে না। কিন্তু দেশ ঠিকই চলবে। কারণ,এখন কথা বলার অধিকার নেই।’ বুদ্ধিজীবী ও গণমাধ্যমের সমালোচনা করে এরশাদ বলেন,‘এখন বুদ্ধিজীবারও চুপ। তার কথা বলেন না কেন? এটা কি গণতন্ত্র? পত্রিকা কিছু লেখে না। তারাও ভয়ে নিশ্চুপ।’ নব্বইয়ের গণআন্দোলনে দায়িত্ব হস্তান্তরে বাধ্য হওয়া স্বৈররশাসক এরশাদ বলেন, ‘আমাকে বলা হয়েছিল,ক্ষমতা ছেড়ে নির্বাচন দিন। আমি নির্বচন দিয়েছিলাম। এখন কি প্রধানমন্ত্রীকে কেউ এই কথা বলতে পারবে?’ ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় পার্টির দ্বিবার্ষিক এ সম্মেলনে ভোট ছাড়াই সৈয়দ আবু হোসেন বাবলা এমপি সভাপতি ও জহিরুল আলম রুবেল সাধারণ সম্পাদক হন। সম্মেলনে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের,পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দেলোয়ার হোসেন খান, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ,সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।



