সীতাকুণ্ডে বিদেশী পিস্তলসহ আটক এক
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে মো.রোকন উদ্দিনকে (৩৩) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। এসময় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ মার্চ) ভোরে তাকে সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুরের ফকিরহাট কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউণ্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। রোকন দক্ষিণ ছলিমপুরের শফিউল আলমের ছেলে। তিনি সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। এছাড়া র্যাব সদস্যদের উপর হামলার পর ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড তাজা গুলি, ৩ রাউণ্ড পিস্তলের খোসা, ১ রাউণ্ড ওয়ান শুটার গানের খোসা, ২ রাউণ্ড শটগানের খোসা, ২টি লোহার কিরিচ এবং কয়েকটি বিস্ফোরিত রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে। র্যাবের চট্টগ্রাম জোনের এএসপি আমিরউল্লাহ জানিয়েছেন, গ্রেফতারের পর ফেরার পথে রোকনের সহযোগীরা র্যাব সদস্যদের উপর ককটেল ও রকেট ফ্লেয়ার নিক্ষেপ করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় র্যাবের একজন সদস্য সামান্য আহত হয়েছেন। রোকনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একাধিক নাশকতার মামলা আছে বলে জানিয়েছেন এএসপি আমিরউল্লাহ।



